
জাতীয় সমাবেশে বক্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির, মঞ্চেই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী’র জাতীয় সমাবেশে বক্তব্য চলাকালে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ জুলাই) বিকেলে সাত দফা দাবিতে আয়োজিত সমাবেশে বক্তব্য শুরুর সাড়ে সাত মিনিট পর হঠাৎ করে তিনি মঞ্চে পড়ে যান। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিলেও ডা. শফিকুর রহমান মঞ্চে বসেই বক্তব্য চালিয়ে যান।
তিনি বলেন, “আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, ততদিন বাংলার মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ।”
বক্তব্যের শুরুতে তিনি শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এই সমাবেশে বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য, ২৪’র জুলাই যোদ্ধা, দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামের মহাসচিব, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও শহীদ আবরারের পিতা-সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।