বরিশালে স্কুলশিক্ষকের রহস্যজনক মৃত্যু, হত্যার আশঙ্কা পরিবারের

53 / 100 SEO Score

বরিশালে স্কুলশিক্ষকের রহস্যজনক মৃত্যু, হত্যার আশঙ্কা পরিবারের

বরিশাল নগরীর করিম কুটির এলাকায় ভাড়া বাসা থেকে মো. মহিউদ্দিন নামে এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

তিনি করিম কুটির মসজিদ গলির স্মরণিকা ভিলার নিচতলার একটি বাসায় একা থাকতেন। স্থানীয়রা দুপুরের পর থেকে তাকে একই ভঙ্গিতে শুয়ে থাকতে দেখে রাতে ৯৯৯-এ ফোন দেয়। পুলিশ গিয়ে খাটের ওপর তার মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

নিহতের ভাই, পিরোজপুর জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক জসিমউদ্দিন ও বরিশাল বিএম স্কুলের শিক্ষক আলাউদ্দিন জানান, মহিউদ্দিন স্কুলের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন। তিনি বিভাগীয় কমিশনার ও সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগও দেন। এসব ঘটনায় তিনি পূর্বে হুমকিও পেয়েছিলেন এবং একবার মারধরের শিকার হন।

পরিবারের ধারণা, এসব ঘটনার সঙ্গে তার মৃত্যুর যোগ থাকতে পারে। কিছুদিন আগে তিনি চাকরি থেকেও পদত্যাগ করেছিলেন।

মহিউদ্দিনের স্ত্রী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রিপা আক্তার জানান, তাদের এক পুত্র সন্তান রয়েছে। আলাদা থাকলেও তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল না।

এক সহকর্মী নাম না প্রকাশের শর্তে জানান, মহিউদ্দিন সাবেক প্রধান শিক্ষক ফকরুজ্জামানের বিরুদ্ধে নিয়মবহির্ভূত কার্যকলাপের প্রতিবাদ করতেন। এরপর থেকেই তাকে হয়রানি করা হচ্ছিল।

পুলিশ ও পরিবার বিষয়টি তদন্ত করে দেখছে।