
ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৭ নিহত, ঘূর্ণিঝড় ‘উইফা’র আগমন সতর্ক সংকেত
উত্তর ভিয়েতনামের পর্যটনকেন্দ্র হা লং বে-তে আকস্মিক বজ্রঝড়ের মধ্যে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন।
শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় বিকালে এই দুর্ঘটনা ঘটে। ‘ওয়ান্ডার সি’ নামের ওই নৌকাটিতে ৪৮ জন যাত্রী এবং ৫ জন নাবিক ছিলেন, যাদের সবাই ভিয়েতনামের নাগরিক।
উদ্ধারকর্মীরা ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। নিহতদের মধ্যে অন্তত ২০ জন শিশু ছিল। এক ১৪ বছর বয়সী কিশোরকে নৌকার উল্টে যাওয়া অংশ থেকে চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়।
দুর্ঘটনার সময় আকস্মিক অন্ধকার, প্রবল শিলাবৃষ্টি, বজ্রঝড় ও বিদ্যুৎ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। সরকার জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হা লং বে অঞ্চলটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা, যেখানে প্রতিবছর লাখো পর্যটক ভিড় করেন।
এদিকে, আবহাওয়া দপ্তর জানায়, ওই এলাকায় দ্রুত এগিয়ে আসছে ‘উইফা’ নামের একটি ঘূর্ণিঝড়, যা আগামী সপ্তাহেই হা লং উপকূলে আঘাত হানতে পারে।