ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে একজন নিহত, আহত পাঁচ
ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ছয়জন হতাহত হয়েছেন। এর মধ্যে একজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর আল-নাবাতিয়ায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন আরও পাঁচজন।
যুদ্ধবিরতির শর্ত থাকা সত্ত্বেও ইসরায়েল বারবার লেবাননের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। দেশটির সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই অস্ত্র সমর্পণ করবে না। এদিকে, লেবাননের সরকারও ইসরায়েলের এই ধারাবাহিক আগ্রাসনের বিষয়ে কার্যত নীরব ভূমিকা পালন করছে।
এ বিষয়ে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন শুক্রবার স্পষ্ট করে জানান, বর্তমানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কোনো পরিকল্পনা লেবাননের নেই।
উল্লেখ্য, এই তথ্য আল-জাজিরা, মেহের নিউজ, ও টাইমস অব ইসরায়েল সূত্রে প্রকাশিত।