জাহাজ ভাঙা শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: উপদেষ্টা সাখাওয়াত।
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত শিপ ব্রেকিং শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন নৌ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২৬ জুলাই) সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত কবির স্টিলের (কেএসআরএম) শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ পুনর্প্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, হংকং আন্তর্জাতিক কনভেনশন মেনে চলায় ইতিমধ্যেই সীতাকুণ্ডের ১৬টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। তিনি বলেন, “যেসব ইয়ার্ড এখনো এই সনদ পায়নি, তাদের দ্রুত মানোন্নয়ন করতে হবে—না হলে ব্যবসা গুটিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, “সরকার এই খাতকে পরিবেশবান্ধব ও টেকসই করতে নীতিগত সহায়তা দিচ্ছে। তবে বেশিরভাগ ইয়ার্ড এখনো আন্তর্জাতিক মান অনুসরণে পিছিয়ে রয়েছে, বিষয়টি সহজ করতে সরকার পাশে থাকবে।”
শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, “জাহাজ ভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
এ সময় তিনি জানান, শিপিং খাতের সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য তিনটি নতুন জাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জাতীয় রাজস্ব আয়ও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিদর্শন শেষে উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমিও (BMA) পরিদর্শন করেন।
এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সচিব নাজমুল ইসলাম, কেএসআরএমের ডিএমডি মো. করিম উদ্দিন, পরিচালক আব্দুল করিম, সিইও মো. মেহেরুল করিম এবং নৌবাহিনীর কর্মকর্তারা।