ডিজিটাল স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্পেসএক্স প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইউনূস

58 / 100 SEO Score
ডিজিটাল স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্পেসএক্স প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইউনূস
ডিজিটাল স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্পেসএক্স প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইউনূস :ছবি: unb

ডিজিটাল স্বাস্থ্যসেবায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্পেসএক্স প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে অনলাইনে সহজে চিকিৎসা সেবা পেতে পারেন, সেজন্য সরকার ডিজিটাল স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, “ডিজিটাল রেকর্ড সংরক্ষণের মাধ্যমে রোগীদের আগের চিকিৎসা ইতিহাস দেখা যাবে, যা চিকিৎসকদের পরামর্শ কার্যক্রমকে আরও সহজ করবে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় তাদের চিকিৎসা নিতে পুরুষদের সহযোগিতা প্রয়োজন হয়। এখন তারা ঘরে বসেই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।”

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এ সময় উপস্থিত ছিলেন— স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বৈঠকে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও কাজের প্রতি মনোযোগের প্রশংসা করে বলেন, “আমরা ১৫০টি দেশে কাজ করেছি, কিন্তু এমন কার্যকর ও দ্রুত সমন্বয় খুব কমই দেখেছি। আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।”

অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের পাহাড়ি ও দুর্গম অঞ্চলে উন্নত কানেক্টিভিটি নিশ্চিত করতে হবে। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছি, যাতে সেইসব অঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পায়।”

তিনি আরও বলেন, “বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও এই ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার মাধ্যমে ভাষাগত বাধা কাটিয়ে নিজেদের মাতৃভাষায় চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে পারবেন।”

স্পেসএক্সের লরেন ড্রেয়ার অধ্যাপক ইউনূসের পরিকল্পনা ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থানের প্রশংসা করে বলেন, “আপনি যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা বিশ্বব্যাপী অন্যান্য নেতাদের জন্য অনুপ্রেরণা হতে পারে।”