নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিরোধে সংঘর্ষ, নারী নিহত, সেনা-পুলিশ মোতায়েন

নরসিংদীর রায়পুরা উপজেলার সায়েদাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) ভোরে এই সংঘর্ষ শুরু হয়।
নিহত মোমেনা বেগম (৪৫) হানিফ মিয়ার পক্ষের লোক এবং শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। সংঘর্ষে গুলিবিদ্ধ পাঁচজনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩০ বছরের পুরনো বিরোধ রয়েছে সায়েদাবাদ ও বালুরচর গ্রামের মধ্যে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বালুরচরের লোকজন এরশাদ মিয়ার নেতৃত্বে সায়েদাবাদ বাজারে হামলা চালালে সংঘর্ষ বেঁধে যায়। পাল্টা জবাবে হানিফ মিয়ার অনুসারীরা বালুরচরে হামলা চালায়, ভাঙচুর করে ঘরবাড়ি ও অগ্নিসংযোগ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মাঠে নামে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নরসিংদী সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহত নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে এবং গুরুতর আহতদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর একই বিরোধে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছিলেন।