মাগুরায় বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে সাগর হোসেন (৩০) নামে এক ভ্যানচালক ও রেশমা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রবিবার (১৩ জুলাই) দুপুরে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর ঢালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ভ্যানচালক সাগর হোসেন মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামের আওয়াল মোল্ল্যার ছেলে। অপরদিকে, রেশমা খাতুন দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে বিকেলে তিনি মারা যান। তিনি মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের দোড়ামতনা গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
এ দুর্ঘটনায় নিহত আরও একজনের পরিচয় এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন—তানিয়া (২০), সোহাগ (২৭), সামসুল (৩৪) ও সামিহা (৩০)। স্থানীয়রা জানান, আলমখালী বাজার থেকে হাটগোপালপুর বাজারমুখী একটি ব্যাটারিচালিত ভ্যান যাত্রী নিয়ে রওনা দিলে পথে বিপরীত দিক থেকে আসা ‘গোল্ডেন লাইন’ পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাগর মারা যান।
সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাইওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মহাসড়কের একটি গর্ত এড়িয়ে চলতে গিয়ে ভ্যানটি রাস্তার মাঝখানে উঠে পড়ায় সংঘর্ষের সূত্রপাত হতে পারে।
রামনগর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, মেহেরপুর থেকে ঢাকাগামী বাসটি দুর্ঘটনায় পতিত হয়। ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে মাগুরা থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।