হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ভারতের অভ্যন্তরে

61 / 100 SEO Score
হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ভারতের অভ্যন্তরে
হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ভারতের অভ্যন্তরে

হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ভারতের অভ্যন্তরে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে এক বাংলাদেশি যুবককে হত্যা করেছে। নিহত যুবকের নাম আসকর আলী (২৪)। তিনি উপজেলার জীবনপুর গ্রামের বাসিন্দা এবং কানুরার ছেলে।

শনিবার (১২ জুলাই) ভোরে ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে আনুমানিক ৪টার দিকে আসকর আলীসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে কিষাণগঞ্জ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আসকর আলী নিহত হন। নিহতের মরদেহ ভারতের প্রায় ২০০ গজ ভেতরে পড়ে রয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অপরদিকে, ভারতের দিকেও বাড়ানো হয়েছে বিএসএফ সদস্যদের উপস্থিতি।

দিনাজপুরের আওতাধীন ৪২ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং মরদেহ ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

৪২ বিজিবির এক কর্মকর্তা বলেন, “বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আমরা মরদেহ ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”

এ বিষয়ে হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।