বাংলাদেশে আবারও করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৬১ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট Omicron NB.1.8.1 এর কারণে এই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ঢাকাসহ কয়েকটি জেলায় সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে।
সারাদেশে এই পর্যন্ত মোট ২০ লাখ ৫১ হাজার ৩৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৯ হাজার ৫০৩ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ২৩ জন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে নতুন করে RT-PCR টেস্ট কেন্দ্র স্থাপন করা হচ্ছে যাতে বেশি সংখ্যক নাগরিক সহজে পরীক্ষা করতে পারেন।
স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে মাস্ক পরা, ভিড় এড়ানো এবং উপসর্গ দেখা দিলে দ্রুত করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।