কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ী নিহত

কুমিল্লা, ২২ জুলাই:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪২) নামের এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন।
নিহত সাইফুল ইসলাম কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকার বাসিন্দা এবং স্থানীয় ফিউরিয়াস মটো ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঢাকামুখী প্রাইভেটকারটি উল্টো দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পানিভরা খাদে পড়ে যায়। খাদে কচুরিপানা ও পানি থাকায় উদ্ধার কাজ কিছুটা বিলম্বিত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থানায় নিয়ে যায়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের দাবি, সাইফুল ইসলাম জরুরি কাজে ঢাকায় যাচ্ছিলেন এবং তার সঙ্গে নগদ অর্থও ছিল, যা দুর্ঘটনার পর আর পাওয়া যায়নি।
সাইফুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, বন্ধু এবং মটো ক্লাবের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।