
৩-০ গোলের জয়ের পর মাঠে উত্তেজনা, পিএসজি কোচ এনরিকের ঘুষিতে মাটিতে পড়ে যান চেলসি স্ট্রাইকার পেদ্রো
নতুন ৩২-দলীয় ফরম্যাটে প্রথমবার আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো চেলসি। প্রথমার্ধে কোল পামারের জোড়া গোল এবং বিরতির আগে জোয়াও পেদ্রোর দুর্দান্ত এক শটে ৩-০ ব্যবধানে পিএসজিকে পরাজিত করে ট্রফি জেতে ব্লুজরা।
তবে ম্যাচ শেষে উদযাপনের রঙ কিছুটা মলিন হয়ে যায় উত্তপ্ত এক ঘটনার জেরে। খেলা শেষ হওয়ার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে পিএসজির কোচ লুইস এনরিকে চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর মুখে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে।
শুরুতে পেদ্রো জড়িয়ে পড়েন পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং ডিফেন্ডার আশরাফ হাকিমির সঙ্গে তর্কে। চেলসির মিডফিল্ডার আন্দ্রে সান্তোসও তখন সেখানে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়, পরিস্থিতি ঠান্ডা না করে বরং উত্তেজনায় ঘি ঢালেন পিএসজি কোচ এনরিকে।

স্প্যানিশ এই কোচ পেদ্রোর দিকে এগিয়ে গিয়ে সরাসরি তার মুখে হাত তোলেন। ঘটনা আরও বাড়ার আগেই এনরিকেকে সরিয়ে নেন তারই দলের ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে।
ঘটনার পর পেদ্রো নাটকীয় ভঙ্গিতে মুখ চেপে ধরে মাঠে পড়ে যান, যা দেখে পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।
ঘটনার ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, এবং দুই দলের পক্ষ থেকে ঘটনার তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্যের প্রত্যাশা করছে ফুটবলপ্রেমীরা।