
উপকূলীয় এলাকায় লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সৃষ্ট পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের কারণে দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশের বিভিন্ন এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারী বর্ষণও হতে পারে। একইসাথে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।