
যশোরে পরীক্ষার নম্বর যোগ না করায় ৪৮ পরীক্ষার্থী রসায়নে ফেল, তিন দিন পর সংশোধিত ফল প্রকাশ
যশোর শিক্ষা বোর্ডের অধীনে যশোর সদর উপজেলার পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি কেন্দ্রের একটি ভুলে রসায়ন বিষয়ের ব্যবহারিক নম্বর যোগ না হওয়ায় বিজ্ঞান বিভাগের ৪৮ জন পরীক্ষার্থীকে ফেল দেখানো হয়।
ঘটনার তিন দিন পর, রবিবার (১৩ জুলাই) যশোর শিক্ষা বোর্ড সংশোধিত ফল প্রকাশ করে। সংশোধিত ফলে দেখা যায়, সকল শিক্ষার্থী পাস করেছে এবং অনেকেই জিপিএ-৫ পেয়েছে।
ফল প্রকাশের পর একজন পরীক্ষার্থী মিয়ারাজ ইসলাম জানান, তার আত্মবিশ্বাস ছিল জিপিএ-৫ পাওয়ার। কিন্তু ফলাফলে রসায়নে ফেল দেখিয়ে পরিবারসহ সবার মানসিক অবস্থা খারাপ হয়ে পড়ে। পরে ফল সংশোধনের পর সে জিপিএ-৫ পেয়েছে।
জানা গেছে, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক নম্বর পাঠানো হয়নি। বিষয়টি বোর্ডের দৃষ্টিগোচর হলে তা যাচাই করে সংশোধিত ফল প্রকাশ করা হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন জানান, কেন্দ্রের অবহেলায় এই ভুল হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।